পেছালো টাইফয়েড টিকাদান কার্যক্রম

পেছালো টাইফয়েড টিকাদান কার্যক্রম
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ১১:৫২ অপরাহ্ণ

পেছালো টাইফয়েড টিকাদান কার্যক্রম.দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাসেরও বেশি সময় পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। নতুন সূচি অনুযায়ী, ১২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, “স্বাস্থ্য সহকারীরা মাঠে না থাকলে ক্যাম্পেইন পরিচালনা সম্ভব নয়। আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে প্রস্তুতি শেষ করা যায়নি। তাই নতুন করে তারিখ পিছিয়ে ১২ অক্টোবর থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইপিআই জানায়, গত ১৪ আগস্ট এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৭ আগস্টের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি জারি করা হবে।


পেছালো টাইফয়েড টিকাদান কার্যক্রম,নতুন টিকাদান সূচি

  • মোট ১৮ কার্যদিবস এই কর্মসূচি চলবে।

  • প্রথম ১০ দিন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

  • বাকি ৮ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ও স্কুলে না যাওয়া শিশুদের জন্য টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলবে।

ইপিআই-এর নিয়ম অনুযায়ী, নিবন্ধন ও কার্ড প্রদানের প্রক্রিয়া আগের মতোই থাকবে। জন্ম নিবন্ধন সনদ ছাড়াও অভিভাবকের মোবাইল নম্বর দিয়েও অনলাইনে নিবন্ধন করা যাবে।

সরকারি হিসেবে, ৯ মাস বয়স থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে এই টিকা দেওয়া হবে। এক ডোজ ইনজেকশনের মাধ্যমে নেওয়া এই ভ্যাকসিন শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন