পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে ইতোমধ্যে তিন হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। বুধবার থেকে শুরু হওয়া এই অনলাইন নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে দ্রুতগতিতে ভোটাররা রেজিস্ট্রেশন করছেন।
তার সরবরাহ করা তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে সর্বোচ্চ ১,৭৪৫ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া জাপান থেকে ৬৯০, চীন ৩৬৮, দক্ষিণ আফ্রিকা ৩৬৩, লিবিয়া ৬১, মিশর ৫২, উগান্ডা ১৯, মোজাম্বিক ১৫, মরিশাস ১৪, নাইজেরিয়া ১১, লাইবেরিয়া ১১, বোতসোয়ানা ৯, রিপাবলিক অব কঙ্গো ৬, তানজানিয়া ৫, কেনিয়া ৪ এবং মরক্কো থেকে ৪ জন প্রবাসী আবেদন করেছেন।
এবারের নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি কারাবন্দি ব্যক্তিরা এবং নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সুযোগ পাবেন। নির্বাচন কমিশন বলছে, ডিজিটাল প্রক্রিয়ার ফলে ভোটারদের জন্য বাড়ছে স্বচ্ছতা ও সহজসুবিধা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৮:১৯ অপরাহ্ণ