ভূমিকম্পে সারাদেশে ৬ জনের মৃত্যু

ভূমিকম্পে সারাদেশে ৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ । ৬:৫০ অপরাহ্ণ

ভূমিকম্পে সারাদেশে ৬ জনের মৃত্যু

 

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠা–ফাটল, আহত শতাধিকশুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে সারাদেশে অন্তত ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় এসব প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়াও বিভিন্ন জেলায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু ভবনে ফাটল দেখা গেছে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। উৎপত্তিস্থল ছিল নরসিংদী, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ঢাকার বাইরে গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এমনকি ভারতের কিছু অংশেও কম্পন টের পাওয়া গেছে।


ঢাকায় রেলিং ভেঙে নিহত ৩ পথচারী

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের সামনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে সকাল সোয়া ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী ভিডিওতে দেখা যায়—রেলিং ভেঙে পড়ার পর রক্তাক্ত অবস্থায় কয়েকজন পথচারী রাস্তায় ছড়িয়ে পড়ে আছেন, আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করছেন।

এদিকে ঢাকার বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠা, দেয়ালে ফাটল দেখা যাওয়া এবং আতঙ্কে মানুষজনের দ্রুত বাসা থেকে বের হয়ে আসার ঘটনা ঘটে।


নারায়ণগঞ্জে দেওয়াল ধসে ১ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড ঘরের দেওয়াল ধসে পড়ে এক বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়। এতে শিশুটির মা কুলসুম বেগমসহ আরও একজন নারী আহত হন।

পুলিশ জানায়, ভূমিকম্প শুরু হওয়ার সময় কুলসুম বেগম শিশুকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে থাকা টিনশেড বাড়িটির দেওয়াল ভেঙে তাদের ওপর পড়ে।


নরসিংদীতে সানশেড ভেঙে নিহত ২

নরসিংদীর সদর উপজেলার গাবতলি এলাকায় একটি বাড়ির সানশেড ভেঙে পড়ে ১০ বছর বয়সী ওমর এবং ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। ওমরের বাবা দেলোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওমরের চাচা জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তার সন্তানদের নিয়ে দ্রুত বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই সানশেডটি ভেঙে তাদের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওমরের দুই বোনও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেওয়াল ধসে পড়ে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


সারাদেশে ক্ষয়ক্ষতি

ভূমিকম্পে বিভিন্ন জেলায় বহু ভবনের দেয়াল ও সিঁড়িতে ফাটল দেখা গেছে। অনেক স্থাপনায় ক্ষতি হয়েছে। অনেকে তড়িঘড়ি করে বাসা-বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

 

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন