ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি মোশারফ রুবেলের ছাত্রদলে যোগদান
ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সেক্রেটারি মোশারফ রুবেল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) রাতে তার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক কর্মী–সমর্থক ছাত্রদলে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তিনি ফুল দিয়ে মোশারফ রুবেলসহ নবাগত সকলকে শুভেচ্ছা জানান এবং ছাত্রদলের পতাকাতলে স্বাগত জানান।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন,
“বিএনপির প্রতি জনগণের আস্থাই প্রমাণ করে—দেশের মানুষ নিরাপত্তা ও গণতন্ত্র চায়। এ কারণেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আরও অনেকে বিএনপি পরিবারের অংশ হতে আগ্রহী হচ্ছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে সরকারে গেলে এ আস্থা ধরে রেখে দেশ পরিচালনায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মোশারফ রুবেলের রাজনৈতিক পথচলা
জানা গেছে, ২০১২ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্রশিবিরে প্রথম যোগ দেন তিনি। এরপর উপজেলা পর্যায়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রমান্বয়ে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।
দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে এবার তিনি ছাত্রদলে নতুন অধ্যায় শুরু করলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ১০:২২ অপরাহ্ণ