কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও রাত সাড়ে ৮টা পর্যন্ত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় মানুষদের সহায়তায় মোট ১৯টি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে। বস্তির বিভিন্ন এলাকায় এখনো দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক ইউনিট বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সংখ্যা দাঁড়ায় ১৬টি, পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় বস্তিবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই ঘরবাড়ি, স্বল্প সম্পদ ও প্রয়োজনীয় কাগজপত্র রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। অনেকে অসহায়ভাবে তাদের ঘর পুড়তে দেখতে বাধ্য হন।
ফায়ার সার্ভিস বলছে—আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
প্রায় ৯০ একর জায়গা জুড়ে বিস্তৃত কড়াইল বস্তিতে প্রায় ১০ হাজারের বেশি ঘর রয়েছে। এই এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এ বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে এখানকার অন্তত ডজনখানেক ঘর পুড়ে যায়। গত বছর ২৪ মার্চ এবং ১৮ ডিসেম্বরেও বড় ধরনের আগুনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন রাতভর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ১১:০৪ অপরাহ্ণ