জামায়াতকে ভোট দিলে আমার লাশই পাবেন: কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের হুঁশিয়ারি
কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াতকে সমর্থন দেওয়া হলে তিনি জীবিত ফিরবেন না। তার ভাষায়— “জামায়াতকে ভোট দিলে আপনারা আমার মৃতদেহই পাবেন।”
শুক্রবার বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিএনপি এবং অঙ্গসহকারী সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, কিছু মানুষ তাকে ‘ফজা পাগলা’ নামে ডাকেন এবং এই উপাধি দিয়েছেন জামায়াতপন্থীরা। তিনি বলেন, “যারা আমাকে পাগল বলে তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতের অনুসারী। আপনারা কি তাদের ভোট দেবেন? তাদেরকে ভোট দিলে আপনারা আমার লাশই পাবেন।”
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, “কালও আমাকে ভয়ানকভাবে বকা দেওয়া হয়েছে—এসব কথা আপনাদের বোঝানো যাবে না। সহ্য করার মতো না। আমার অপরাধ কি? আমি তো শুধু মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতের বিরুদ্ধে কথা বলেছি।”
তিনি অভিযোগ করেন, জামায়াতপন্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে।
তিনি বলেন, “তারা বলছে ১৯৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২০২৪ সালে শেষ হয়েছে। ১৯৭১ সালে নাকি শুধু একটা গণ্ডগোল হয়েছে, সেটা নাকি ভারত লাগিয়েছে! তিন দিন অপেক্ষা করেছি কেউ প্রতিবাদ করবে কিনা। যখন দেখলাম কেউ কথা বলছে না, তখন বললাম—আমি সাধারণ মানুষের সন্তান হলেও আমি সেই যোদ্ধাদের একজন, যারা দেশ স্বাধীন করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর, এবং বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ১০:৩৪ অপরাহ্ণ