মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইংয়ের তথ্যমতে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রাতে এ বিষয়ে একটি জরুরি টেলিফোন কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।
বিদেশে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত
সরকারের পক্ষ থেকে প্রথমে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
রবিবার প্রধান উপদেষ্টাকে সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি।
সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি
প্রেস উইং জানায়, সোমবার দুপুরে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিশেষভাবে প্রস্তুত মেডিক্যাল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত আনুষঙ্গিক ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার জন্য আগাম সব প্রস্তুতি রাখা হয়েছে।
রাষ্ট্র বহন করবে চিকিৎসা ব্যয়
ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব খরচ সরকারিভাবে বহন করা হবে বলে জানিয়েছে প্রেস উইং। পাশাপাশি তাঁর চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১০:৪৪ পূর্বাহ্ণ