ভারতের বিরুদ্ধে সরাসরি রাজপথে নামছে জুলাই ঐক্য—ঘোষণা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত সব আসামিকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতের সংশ্লিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক মহলের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই ঐক্যের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার পাশাপাশি ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া গোষ্ঠী ও কিছু সরকারি কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এর প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শুরু হবে। এতে চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে।
জুলাই ঐক্যের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। কর্মসূচির সার্বিক নেতৃত্ব দেবেন জুলাই ঐক্যের সংগঠকরা।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গণ-অভ্যুত্থানের পর নতুন করে ভারতের কিছু মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতের কিছু অংশে উল্লাস প্রকাশ পাওয়ার ঘটনাকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।
জুলাই ঐক্য জানায়, বাংলাদেশ ২.০-তে কোনো ধরনের আধিপত্যবাদী হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কর্মসূচি থেকে ভারত সরকার ও দেশের অন্তর্বর্তী সরকারের প্রতিও আল্টিমেটাম দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের দেশে ফেরত না আনা হলে পরবর্তী পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই ভারত ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ অবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের ছাত্র-জনতাকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সবশেষে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় রামপুরা ব্রিজে উপস্থিত হয়ে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় জুলাই ঐক্য।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৯:২৩ অপরাহ্ণ