সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শরিফ ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্স সফলভাবে সিঙ্গাপুরে পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর প্রায় এক ঘণ্টার মধ্যেই তাকে নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এর আগে একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুল্যান্সটি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যরা। ওই বৈঠকেই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
গত কয়েক দিনে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সম্মতির পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হলে সিঙ্গাপুরে পাঠানোর অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে অপরিবর্তিত।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি দেশের মানুষের কাছে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪০ অপরাহ্ণ