হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক অবস্থা স্থিতিশীল: ভাই ওমর ফারুক
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।
সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, হাদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি বলেন, “হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়েছে। তার হৃদপিণ্ড আগের তুলনায় ভালোভাবে কাজ করছে।”
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়ার সময় হঠাৎ করে হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর থেকেই তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ওমর ফারুক আরও বলেন, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় দুই ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ধীরে ধীরে হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে।
তিনি জানান, হাদির অবস্থা কিছুটা উন্নতির দিকে গেলে তার জন্য প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়। বর্তমানে তাকে একটি বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ২:৪৬ অপরাহ্ণ