হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার
বগুড়ার শেরপুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক নেতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল করিম (১৮) শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার বাসিন্দা এবং রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের একজন সাথী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছর শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন রাফিউল। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিও নিচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাফিউল করিম।
পথিমধ্যে মহিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইসলামী ছাত্রশিবির শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাফিউল করিম শিবিরের একজন সাথী ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত করে চালক ও হেলপারকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ১১:২৯ অপরাহ্ণ