ভারতকে বিধ্বস্ত করে এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান
ভারতের বিপক্ষে একপেশে আধিপত্য দেখিয়ে জুনিয়র এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতীয় দলকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তানি যুবারা।
ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন সামির মিনহাজ। ভারতীয় বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ১১৩ বলে ১৭২ রান করেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ইনিংসে আহমেদ হুসাইন করেন ৫৬ রান, উসমান খান ৩৫ এবং ফারহান ইউসুফ ১৯ রান যোগ করেন।
জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। পাকিস্তানি বোলারদের ধারাবাহিক আঘাতে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতীয় জুনিয়ররা। মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত।
ভারতের হয়ে ওপেনার আয়ুশ মাত্র ২ রান করে ফিরে যান। বৈভব সূর্যবংশি করেন ২৬ রান। অ্যারোন জর্জ ১৬, বিহান মালহোত্রা ৭, ভেদান্ত ত্রিবেদি ৯ রান করেন। খিলান প্যাটেল ১৯ এবং অভিজ্ঞান কুন্ডু ১৩ রানে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ১০ নম্বরে নামা দিপন দেবেন্দ্রন।
পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন আলি রাজা। তিনি ৬.২ ওভারে ৪২ রান খরচ করে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান নেন ২টি করে উইকেট।
সবমিলিয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে ভারতের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়ে জুনিয়র এশিয়া কাপের ট্রফি নিজেদের করে নেয় পাকিস্তান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ১০:১১ পূর্বাহ্ণ