২২ ঘণ্টায় প্রায় ৩৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৬ অপরাহ্ণ

২২ ঘণ্টায় প্রায় ৩৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রমে উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন। মাত্র ২২ ঘণ্টার ব্যবধানে তিনি প্রায় ৩৭ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে এত বিপুল সাড়া পেয়ে তিনি অভিভূত। তিনি জানান, ফান্ড রেইজিং কার্যক্রম তাদের নির্ধারিত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

তার ভাষ্য অনুযায়ী, এই ক্যাম্পেইনের চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ আরও প্রায় ৯ লাখ টাকা সংগ্রহ হলেই আনুষ্ঠানিকভাবে তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে।

অনুদান পাঠানোর বিষয়ে তিনি আরও জানান, গত রাত আনুমানিক ২টার দিকে তাদের বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সীমা পূর্ণ হয়ে যায়। ফলে যারা বিকাশের মাধ্যমে অনুদান দিতে পারছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সহযোগিতা পাঠানোর অনুরোধ জানান তিনি।

সংগৃহীত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, শুরু থেকেই প্রতিটি টাকার হিসাব জনসমক্ষে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে লক্ষ্যে কোনো নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না। সব অনুদান বিকাশ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে থাকে এবং ভবিষ্যতে যাচাইযোগ্য।

তিনি আরও বলেন, কোন মাধ্যমে কত টাকা এসেছে, সে বিষয়ে নিয়মিত তথ্য প্রকাশ করা হবে এবং সব নথি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি, সংগৃহীত অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, তা স্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

এর আগে ডা. তাসনিম জারা জানিয়েছিলেন, ফান্ড রেইজিং শুরুর প্রথম ১৪ ঘণ্টাতেই তিনি ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছিলেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন