মায়ের অসুস্থতা নিয়েও জনগণকে ফেলে যাননি তারেক রহমান

তারেক রহমানই বিএনপির নতুন চেয়ারম্যান - শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৭ অপরাহ্ণ

মায়ের অসুস্থতা নিয়েও জনগণকে ফেলে যাননি তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মন পড়ে আছে হাসপাতালে অসুস্থ মায়ের পাশে। তবুও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি জনসমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “আজ এখান থেকে আমি আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাবো। তিনি এ দেশের মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। সন্তান হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো—তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “আমার মন পড়ে আছে হাসপাতালের ঘরে, মায়ের বিছানার পাশে। কিন্তু যাদের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, সেই জনগণকে ফেলে রেখে আমি যেতে পারিনি। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে দাঁড়িয়েছি।”

তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ধর্ম, বর্ণ কিংবা পেশাভেদে নিরাপদে বসবাস করতে পারে—সে ধরনের একটি রাষ্ট্র গড়ে তুলতেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি সতর্ক করে বলেন, দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের গুপ্তচর তৎপরতা চালাচ্ছে। এ অবস্থায় সবাইকে ধৈর্যশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মের কাঁধে আগামী দিনের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়ার কথা উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

বিগত ১৫ বছরের শাসনামলের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শত শত মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি।

সম্প্রতি শহীদ হওয়া ওসমান হাদির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ১৯৭১ ও ২০২৪—এই দুই সময়ের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতেই হবে।”

সবশেষে তিনি জাতীয় নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর কাছে দোয়া করি—আমরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে পারি।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন