যশোরে গুলিতে বিএনপি নেতা নিহত

যশোরে গুলিতে বিএনপি নেতা নিহত
মনির হোসেন ( বেনাপোল )
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ১০:১৩ অপরাহ্ণ

যশোরে গুলিতে বিএনপি নেতা নিহত

যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে শংকরপুর এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত আলমগীর হোসেন (৩৫) যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বাসিন্দা এবং মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আলমগীর হোসেন শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথার বাম পাশে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাথায় সরাসরি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন