ঝালকাঠিতে নামাজরত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

ঝালকাঠিতে নামাজরত অবস্থায় মুসল্লির ইন্তেকাল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১১:০৩ অপরাহ্ণ

ঝালকাঠিতে নামাজরত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় এক মুসল্লির আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুমারখালি বাজার মসজিদে নামাজ চলাকালে ইন্তেকাল করেন আবুল হোসেন তালুকদার (৬৫)।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় স্বজনদের কান্নায় এবং শোকাবহ পরিবেশে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আব্দুল মন্নান তালুকদারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় বাড়িতে মাগরিবের নামাজ আদায় করার পর প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ আদায়ের জন্য কুমারখালি বাজার মসজিদে প্রবেশ করেন।

নামাজের সময় সেজদায় থাকা অবস্থায় হঠাৎ তিনি নিথর হয়ে পড়েন। নামাজ শেষ হলে মুসল্লিরা সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন, তিনি আর জীবিত নেই। ঘটনাটি মুহূর্তেই মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি করে।

স্থানীয়দের মতে, আবুল হোসেন তালুকদার ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের, সৎ ও ধর্মপ্রাণ মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং একজন পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় তার সুনাম ছিল।

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ইবাদতের মধ্যেই আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। এমন মৃত্যু সৌভাগ্যের এবং দোয়ার যোগ্য।”

তার ইন্তেকালে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। মুসল্লি ও এলাকাবাসী মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন