রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার !

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার !
মো: গোলাম কিবরিয়া | রাজশাহী
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ১:৫৬ অপরাহ্ণ

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার !

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পবা, শাহমখদুম, মতিহার ও কাটাখালি থানার পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪৯০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০.৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো: মোজাম্মেল ওরফে মোজাম (৫০), মো: নাজমুল হক (৩৫), মো: রাজ্জাক আলী (৪০), মো: লিটন আলী (২৪), মো: সাহারুপ আলী ওরফে রবিন (২২), মো: সাগর আলী (৩২), তাপস বিশ্বাস (২০), মো: অমিত হাসান ওরফে অমি (২৮) এবং মো: রফিকুল ইসলাম (৬০)। তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার বাসিন্দা।

পবা থানা সূত্র জানায়, রোববার (৪ জানুয়ারি ২০২৬) রাত পৌনে ১১টার দিকে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের তত্ত্বাবধানে এসআই মো: রাজিবুল করিমের নেতৃত্বে চক গোয়ালদহ এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়িতে গাঁজা বিক্রির প্রস্তুতিকালে মোজাম্মেলকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা চলমান রয়েছে।

একই দিন পবা থানার এসআই মো: মমিদুল ইসলাম শিয়ালবেড় এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হককে আটক করেন। তল্লাশিতে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া পবা থানার নগর পারিলা এলাকায় পৃথক অভিযানে রাজ্জাক আলী ও লিটন আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, শাহমখদুম থানার পুলিশ উত্তর নওদাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে রবিন, সাগর ও তাপসকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মতিহার থানার পুলিশ তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে অমিত হাসানকে আটক করে। তার কাছ থেকে দুই পুরিয়ায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে কাটাখালি থানার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার পুরিয়ায় ০.৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব নিষিদ্ধ দ্রব্য নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন