রাজশাহীতে ফের শুরু মৃদু শৈত্যপ্রবাহ-তাপমাত্রা আরও কমার শঙ্কা
রাজশাহীতে আবারও মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব দেখা যাচ্ছে। একদিনের সাময়িক বিরতির পর সোমবার থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার সংজ্ঞা অনুযায়ী, কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসেবে বর্তমানে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, চলতি মৌসুমে প্রথম দফার শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল গত ৩১ ডিসেম্বর। এরপর টানা চার দিন ধরে শীতের দাপট অব্যাহত ছিল। এর মধ্যে গত শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে রোববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে শৈত্যপ্রবাহের প্রভাব কিছুটা কমে যায়।
রোববার ভোরে কুয়াশার সঙ্গে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো আবহাওয়া দেখা গেলেও দুপুরে কিছু সময়ের জন্য রোদের দেখা মিলেছিল। কিন্তু সোমবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় সড়কে চলাচলেও ভোগান্তি দেখা গেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গতকালের তুলনায় সোমবার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। পূর্বাভাস অনুযায়ী, শৈত্যপ্রবাহ ধীরে ধীরে আরও বিস্তৃত হতে পারে।
শীতের এই পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ও ছিন্নমূল মানুষেরা বেশি কষ্টে রয়েছেন। চিকিৎসকরা শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন।

মো: গোলাম কিবরিয়া || রাজশাহী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৪:৪৫ অপরাহ্ণ