শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা-রাজশাহীতে গ্রেপ্তার ৬

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা-রাজশাহীতে গ্রেপ্তার ৬
মো: গোলাম কিবরিয়া || রাজশাহী
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ১১:০১ অপরাহ্ণ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা-রাজশাহীতে গ্রেপ্তার ৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহের মিথ্যা আশ্বাস দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীতে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক দুটি দল বৃহস্পতিবার রাতে নগরীর উপশহর ও মালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের মো. আল মামুন (৪২) ও আনজুয়ারা খাতুন (২৫), মান্দা উপজেলার দাওই গ্রামের রায়হান কবির (৩০), আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের নয়ন আলী (২৭), নওগাঁ সদর উপজেলার চক সুখদা গ্রামের জুলফিকার আলী (৪০) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার নোনাভিটা গ্রামের মাহবুব আলম (৪৬)।

আরএমপির পক্ষ থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনেই প্রতারক চক্রটি সক্রিয় ছিল। তারা নিজেদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করে। এরপর পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা বলে প্রার্থীদের কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা ব্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের মোট ১২টি স্বাক্ষর করা ফাঁকা চেক, ২১টি স্ট্যাম্প ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামির নাম উল্লেখ করা হয়েছে, যাদের শনাক্ত করার চেষ্টা চলছে। গ্রেপ্তারদের মধ্যে রায়হান কবির অসুস্থ থাকায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন