দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় নেওয়া এই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় অবৈধ পুকুর খননের অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানকালে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমিতে পুকুর খননের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি অনুমতি ব্যতীত কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননে লিপ্ত ছিলেন, যা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য গুরুতর ক্ষতিকর। বিষয়টি বিবেচনায় নিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় এ ধরনের কার্যক্রম চালানো না যায়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু জানান, জনস্বার্থ, কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা অবৈধ পুকুর খনন সম্পূর্ণভাবে বন্ধে আরও শক্ত নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানান। এলাকাবাসীর মতে, প্রশাসনের কঠোর ভূমিকার ফলে বর্তমানে অবৈধ পুকুর খনন কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে।

মো: গোলাম কিবরিয়া || রাজশাহী
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ১:১৪ পূর্বাহ্ণ