আলু বিক্রির টাকায় হিমাগারের ভাড়াও জোগাড় হচ্ছে না

আলু বিক্রির টাকায় হিমাগারের ভাড়াও জোগাড় হচ্ছে না
মো. গোলাম কিবরিয়া | রাজশাহী
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১০:১৪ অপরাহ্ণ

আলু বিক্রির টাকায় হিমাগারের ভাড়াও জোগাড় হচ্ছে না

রাজশাহীতে আলু চাষ করে চরম আর্থিক সংকটে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ তো দূরের কথা, আলু বিক্রির টাকা দিয়ে এখন হিমাগারের ভাড়াও তুলতে পারছেন না অনেকে। সবচেয়ে বেশি আলু উৎপাদনকারী উপজেলা তানোরে এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

গত মৌসুমে আলুর বাজারদর ছিল অস্বাভাবিকভাবে কম। ফলে বহু কৃষক মাঠ থেকেই লোকসানে পড়েন। ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশায় অনেক চাষি আলু হিমাগারে সংরক্ষণ করেন। কিন্তু পরবর্তীতে সরকার হিমাগার পর্যায়ে আলুর দাম কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি।

হিমাগারে সংরক্ষিত আলু বিক্রি করেও কৃষকরা পড়েছেন নতুন বিপদে। বিক্রির টাকা দিয়ে হিমাগার ভাড়া, পরিবহন ও আনুষঙ্গিক খরচ মেটানো সম্ভব হচ্ছে না। অনেক কৃষককে বাধ্য হয়ে বাড়ি থেকে টাকা এনে দেনা শোধ করতে হচ্ছে।

আলু চাষে ভাটা, জমি কমছে হাজার হেক্টর

লোকসানের ধাক্কায় চলতি মৌসুমে রাজশাহীতে আলু চাষের জমি উল্লেখযোগ্য হারে কমে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫৭১ হেক্টর জমিতে আলু চাষ হলেও এবছর তা নেমে এসেছে ৩৪ হাজার ২৮০ হেক্টরে। অর্থাৎ প্রায় ৪ হাজার ২৯১ হেক্টর জমিতে আলু চাষ কমেছে।

জেলার সবচেয়ে বেশি ও উন্নত জাতের আলু উৎপাদন হয় তানোর উপজেলায়। তবে এখানেও পরিস্থিতি ব্যতিক্রম নয়। গত বছর তানোরে ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু আবাদ হলেও চলতি মৌসুমে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২৬৫ হেক্টরে।

হতাশ কৃষক, ঘর থেকে টাকা দিয়ে লোকসান গুনতে হচ্ছে

তানোর উপজেলার চোরখৈর গ্রামের কৃষক মো. মইদুল ইসলাম জানান, তিনি হিমাগারে ১২১ বস্তা আলু সংরক্ষণ করেছিলেন। পরে সেই আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া ও অন্যান্য খরচ পরিশোধ করতে পারেননি। শেষ পর্যন্ত তাঁকে নিজের ঘর থেকে ১৬ হাজার ৬০০ টাকা দিতে হয়েছে।

চাষিদের ভাষ্য, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও সরকারি ঘোষিত দাম কার্যকর না হওয়ায় আলু চাষ এখন তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আলু উৎপাদনে আরও বড় সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন