রাজশাহীতে ভেজাল ওষুধ কারবারের অভিযোগে ডিবির অভিযানে একজন গ্রেপ্তার
রাজশাহীতে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তি একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ইনজেকশন প্রস্তুত ও সংরক্ষণ করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডিবির হাতে গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আরিফ আলী (২৮)। তিনি পবা উপজেলার বড়গাছী গ্রামের বাসিন্দা এবং আক্কাশ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও তিন থেকে চারজন জড়িত থাকতে পারে, যাদের শনাক্তে তদন্ত চলছে।
ডিবি সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন একটি তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকেই মো. আরিফ আলীকে আটক করা হয়।
অভিযানকালে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
-
৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেখা নকল লেবেলযুক্ত),
-
২০৩টি লেবেলবিহীন বাদামি কাচের অ্যাম্পুল,
-
২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেখা),
-
৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি),
-
৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা)।
পুলিশের ধারণা, এসব ভেজাল ওষুধ বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়। ডিবি জানিয়েছে, ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো. গোলাম কিবরিয়া | রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৭ অপরাহ্ণ