ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন রংপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটারদের।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নুরপুর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন থেকে তিনি এক মুহূর্তের জন্যও পিছিয়ে যাচ্ছেন না। তাঁর ভাষায়, এটি কোনো পরাজয়ের সিদ্ধান্ত নয়; বরং রাষ্ট্রীয় ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে একটি নৈতিক ও প্রতিবাদী অবস্থান।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই হিজড়া জনগোষ্ঠীসহ অন্যান্য প্রান্তিক মানুষের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে তিনি আন্দোলন করে আসছেন। নারীদের জন্য যেখানে সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে, সেখানে তৃতীয় লিঙ্গ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখনও সাংবিধানিকভাবে নিশ্চিত হয়নি—এ বিষয়টিকেই তিনি মূল প্রতিবাদের জায়গা হিসেবে তুলে ধরেন।
রানী আরও বলেন, রাষ্ট্র যদি সত্যিকার অর্থে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে চায়, তাহলে কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সমাজ বদলানোর কথা বলা হলেও বাস্তব রাজনৈতিক কাঠামোতে তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ এখনও দৃশ্যমান নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। এবারের নির্বাচনেও তিনি জনগণের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে দাবি করেন। তবে নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
আনোয়ারা ইসলাম রানী বলেন, ভোটারদের বিভ্রান্তি এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সরে দাঁড়ানো কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। বরং ভবিষ্যতে রাষ্ট্রকে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাধ্য করার একটি বার্তা।
সংবাদ সম্মেলনে তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তাঁর সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা, সহিংসতা বা অপপ্রচার না চালানোর অনুরোধ করেন।
তিনি বলেন, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। তাঁর সিদ্ধান্তকে ঘিরে যেন কেউ বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি না করে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনোয়ারা ইসলাম রানী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আদালত, সংসদ এবং রাজপথ—সব জায়গাতেই এই দাবি তুলে ধরা হবে।
শেষে তিনি রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে যেভাবে গ্রহণ করা হয়েছে এবং যেভাবে মানুষ পাশে দাঁড়িয়েছে, তা তিনি আজীবন স্মরণে রাখবেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে তিনি একচুলও সরে আসবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী দীর্ঘদিন ধরে দেশের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার আদায়ে সক্রিয় একজন সামাজিক সংগঠক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৬ অপরাহ্ণ