ক্ষমতায় গেলে দিনাজপুরের লিচু ও কাটারি চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে দিনাজপুরের লিচু ও কাটারি চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৩১ অপরাহ্ণ

ক্ষমতায় গেলে দিনাজপুরের লিচু ও কাটারি চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দিনাজপুর একটি কৃষিনির্ভর ও সম্ভাবনাময় অঞ্চল হিসেবে সারা দেশে পরিচিত। এই অঞ্চলের কৃষিকে ভিত্তি করে শিল্প গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরের বিশ্বখ্যাত লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হবে বলে তিনি ঘোষণা দেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দিনাজপুরের লিচু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে লিচু হিমায়িত করে তা আন্তর্জাতিক বাজারে পাঠানো হবে, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান এবং দেশের বৈদেশিক আয় বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, দিনাজপুরের কাটারি চাল দেশের অন্যতম সেরা চাল হিসেবে পরিচিত। এই চালকে আধুনিক কারখানার মাধ্যমে প্রক্রিয়াজাত করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে বিএনপির। একই সঙ্গে লিচু প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তারেক রহমান বলেন, শুধু শিল্পকারখানা স্থাপন করলেই উন্নয়ন সম্ভব নয়। এখানকার অনেক শিক্ষিত তরুণ-তরুণীকে দক্ষ করে তুলতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি ও বিদেশি ভাষা শিক্ষা দেওয়া হবে, যাতে তারা দেশে কিংবা বিদেশে বসে আয় করতে পারেন।

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে নারীদের জন্য এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

জনসভায় তিনি দিনাজপুর জেলার ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন