শেরপুরে সড়ক ট্র্যাজেডি সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২ জন

শেরপুরে সড়ক ট্র্যাজেডি সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২ জন
মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:২১ অপরাহ্ণ

শেরপুরে সড়ক ট্র্যাজেডি সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২ জন

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রোকনুজ্জান রুকন (৩১) ও মাহফুজা খাতুন (১৯)। রোকনুজ্জান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়। অপর নিহত মাহফুজা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নিরবের স্ত্রী।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজা খাতুনেরও মৃত্যু হয়।

নিহত রুকনের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক কাজে রুকন বাড়িতে গিয়েছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। শেরপুরে আসার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন তা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন