বাধ্য করা হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং যারা তাদের দলকে সমর্থন করেছেন, তাদের পাশে জামায়াত আগেও ছিল এবং ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি বাধ্য করলে দল রাজপথে কর্মসূচিতে নামতে পারে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের একটি বৈঠকে অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তবে বড় ধরনের বৈষম্য ও অনিয়ম হলে তা মেনে নেওয়া যায় না। তিনি অভিযোগ করেন, ইতিবাচক রাজনৈতিক মনোভাবের কথা জানানোর পরও দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে, যা ফ্যাসিবাদী আচরণের ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, হামলা, ভাঙচুর এবং হুমকির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল সরকার গঠন করলে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় দল পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানান তিনি।
শেষে তিনি বলেন, সাধারণ জনগণ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানুষের পাশে জামায়াত দৃঢ়ভাবে থাকবে। প্রয়োজনে রাজপথে নেমে আন্দোলন করার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:২৮ অপরাহ্ণ