প্রথম প্রহরে শোকের ভিড়ে মোবাইল উধাও! শহীদ মিনারে আইফোনসহ ১২ ফোন চুরি
ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। তবে আবেগঘন এই আয়োজনে দুঃখজনক ঘটনা হিসেবে এক ঘণ্টার মধ্যেই আইফোনসহ অন্তত ১০ থেকে ১২টি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে মোবাইল হারানোর একাধিক অভিযোগ আসে। ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, হাজার হাজার মানুষ শহীদ মিনারে ফুল দিতে আসেন। এত বড় জনসমাগমের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ইতোমধ্যে বেশ কয়েকজন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি আরও বলেন, হারানো মোবাইলগুলোর কিছু নম্বর সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সেগুলো ট্র্যাক করে উদ্ধারের চেষ্টা চলছে। মোবাইলগুলো ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বড় জনসমাগমে ব্যক্তিগত জিনিসপত্র নিজের কাছে নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:১৪ অপরাহ্ণ