নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে প্রক্টর অফিস ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর পোস্টার লাগানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এক ঘোষণায় জানান, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান ও ঘেরাও কর্মসূচি শুরু হবে।
এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে ক্যাম্পাসে পোস্টার টাঙিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচনের পরপরই দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের জামিন দেওয়া এবং রাজনৈতিক সমঝোতার অভিযোগ আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের এসব কার্যক্রমের সময় প্রক্টোরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল নিরব। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
মোসাদ্দেক আলী বলেন, “আমরা জানতে চাই—কিসের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনকে স্পেস দেওয়া হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা সমঝোতার মাধ্যমে সন্ত্রাসীদের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ দিচ্ছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”
এরই মধ্যে একই ইস্যুতে পৃথকভাবে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
উল্লেখ্য, শনিবার রাত দেড়টার দিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পলাতক সভাপতি মাজহারুল কবির শয়নের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্বর, চারুকলা, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হলসহ বিভিন্ন স্থাপনার দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি চাই’ লেখা পোস্টার টাঙানো হয়েছে।
ঘটনাটি নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫৬ পূর্বাহ্ণ