মানিকগঞ্জে ভাতিজার বিরুদ্ধে চাচার বাড়ি দখলের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি মোঃআসাদুর জামান
প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ১১:১৮ অপরাহ্ণ

মানিকগঞ্জে ভাতিজার বিরুদ্ধে চাচার বাড়ি দখলের অভিযোগ

 

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন-এর হাটিপাড়া গ্রামে পৈতৃক ভিটা দখলকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মোঃ মোসলেম উদ্দিন (৬৬), হাটিপাড়া গ্রামের বাসিন্দা ও ১নং ওয়ার্ডের সদস্য। তিনি জানান, তার পিতা মৃত বাইনদিন ওরফে বানুর শতবর্ষী দলিলকৃত পৈতৃক ভিটা তারা ভাইয়েরা সমহারে বণ্টন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তার দাবি, নির্বাচনের পরদিন তার ভাতিজা মোঃ শরিফুল ইসলাম (বাবুল) (৪৫) ভাড়াটে লোকজন নিয়ে তার বসতঘরের সামনের অংশ ও পারিবারিক কবরস্থানের জায়গা জোরপূর্বক দখল করেন।

 

অভিযুক্তদের মধ্যে হাজরত সরাইং (৫৫), নাঈম সরাইং, বদু সরাইং, রফিকুল ইসলাম পিন্টু, বদর উদ্দিন, রুবনা গংসহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি।

মোসলেম উদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ কাগজপত্র তৈরি করে তাদের দলিলভুক্ত জমি নিজেদের নামে রেকর্ড হয়েছে বলে দাবি করে আসছিলেন অভিযুক্তরা। এ বিষয়ে তিনি মানিকগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় আদালতের নির্দেশ অমান্য করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আঁধারে জমি দখল করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন অবগত থাকলেও প্রভাবশালী মহলের কারণে তিনি ন্যায়বিচার পাচ্ছেন না। একাধিকবার তাকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

অন্যদিকে অভিযুক্ত শরিফুল ইসলাম (বাবুল) চাচার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, তিনি সমাজের জ্ঞানীগুণী মুরুব্বিদের নিয়ে দলিলকৃত জমি বুঝে নেওয়ার জন্য সালিসে বসেছিলেন, তবে তার চাচা সেখানে উপস্থিত হননি। পরবর্তীতে গ্রামের লোকজন তার রেকর্ড ও দলিল অনুযায়ী জমি বুঝিয়ে দেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, তার চাচা পূর্বে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছিলেন, যেখানে তিনি আদালতে ডিগ্রি পেয়েছেন। মামলায় পরাজিত হয়ে এখন নতুন করে আপিল করে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শরিফুল ইসলাম বলেন, “আমি যদি দলিল অনুযায়ী আমার জায়গা পেয়ে থাকি, তাহলে রাষ্ট্রের কাছে আবেদন—আইনগতভাবে আমার প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়া হোক এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন