পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন ময়লার স্তূপ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরিকল্পিতভাবে জমে থাকা ময়লার স্তুপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রায় ৩০ একরের এই ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ১৫ থেকে ১৬টি ময়লার স্তূপ দীর্ঘদিন ধরে জমে থাকতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন কোণে আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং অনেক ক্ষেত্রে সেগুলো নিয়মিত অপসারণ করা হয় না। ফলে ময়লাগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশপাশের পরিবেশ দূষিত করছে।
বিশেষ করে এসব ময়লার স্তুপে পানি জমে থাকায় মশার বংশবিস্তার দ্রুত বাড়ছে বলে জানান শিক্ষার্থীরা। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে নির্দিষ্ট ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাব থাকায় ময়লা জমে থাকে দিনের পর দিন। এতে একদিকে যেমন বায়ু ও পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে ক্যাম্পাসের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।
একজন ছাত্র প্রতিনিধি রুমেল হোসেন জানান:
“বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সবার জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ হওয়া উচিত। কিন্তু বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে থাকার কারণে মশার উপদ্রব বাড়ছে এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত ময়লা অপসারণ ও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাই।”
ব্যবসায়ী প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাসেল আহমেদ জানান, “বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হলেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ময়লার স্তুপ দেখা যায়। দ্রুত এ সমস্যার সমাধান না হলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।”
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম ফারুক প্রিন্স জানায় ,”দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ জমা থাকায় মশার উপদ্রব বেড়ে গেছে এবং হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ঝুঁকি নিয়ে খুবই আতঙ্কগ্রস্ত”।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী স্বপন চন্দ্র রায় জানান “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, নিয়মিত ময়লা অপসারণ নিশ্চিত করা এবং ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা”।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রব বেড়ে যায়। তাই ময়লা নির্দিষ্ট স্থানে সংগ্রহ, নিয়মিত অপসারণ এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করার ব্যবস্থা করা জরুরি। এতে পরিবেশ পরিষ্কার থাকবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে
পরিশেষে সকলেরই চাওয়া ময়লা ও মশামুক্ত ক্যাম্পাস।

অমিত-পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ১:০৩ অপরাহ্ণ