কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
ছাইম খান (গোপালগঞ্জ )
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৬:৫৩ অপরাহ্ণ

কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও যৌতুকের দাবির জেরে স্বামীর মারধরে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগে জানা যায়, উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামের বাসিন্দা শিল্পি বেগমকে বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। পরিবারের দাবি, গত রবিবার রাতে স্বামী ইকবাল সিকদার আবারও তাঁকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শিল্পি বেগমের মৃত্যু ঘটে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর মরদেহ বাড়ির গোয়ালঘরে ফেলে রেখে অভিযুক্ত স্বামী এলাকা থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই ছারোয়ার কাজী জানান, তাঁর বোন দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই জাকির সিকদারকে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক ইকবাল সিকদারকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিন সন্তানের জননী শিল্পি বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের মৃত্যুতে তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান অসহায় হয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন