খেলাকে কেন্দ্র করে বিরোধ টুঙ্গিপাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী আহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্বের একটি খেলাধুলা সংক্রান্ত বিরোধের জেরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত শিক্ষার্থী আরাফাত ইসলাম নয়ন, তিনি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রিজ এলাকায় তার ওপর হামলা চালানো হয়। কয়েক মাস আগে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— রোমান মুন্সী, ওসমান, কাদের, ফাহিম, শাওন ও রাকিব। তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা খালিদ শেখ বলেন, পূর্বের বিরোধ মীমাংসা হলেও তার ছেলেকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার সময় নয়নের কাছে থাকা একটি মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ১০:৫০ অপরাহ্ণ