কোটালীপাড়ায় অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ আগুনে ধ্বংস
দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে গ্রাম পুলিশ। পরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিণাহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. হারুন মিয়ার একটি পরিত্যক্ত ঘরে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই ঘর তল্লাশি করে ১৬৪ পিস নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো জব্দ করে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া জালগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা সংরক্ষণের স্বার্থে চায়না দুয়ারী জাল, ভেসাল, কাঠাসহ সব ধরনের অবৈধ মৎস্য আহরণ পদ্ধতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ জালের ব্যবহার ও ব্যবসা বন্ধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মৎস্যসম্পদ রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের কার্যক্রম আরও জোরদার করা হবে।

সাইম ইসলাম ( গোপালগঞ্জ)
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ১১:৫৭ অপরাহ্ণ