শরিয়তপুরে ছোট ভাইকে থাপ্পড় দিয়ে তার হাতেই খুন বড় ভাই
শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হামলায় আমির হোসেন সরদার (৪৫) নামে আপন বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জুয়েল সরদার (২৭) পলাতক রয়েছেন। বুধবার (১৭জুন) রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন সরদার ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট ভাই সোহেল সরদারের (২৩) তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায় মেজ ভাই জুয়েল সরদার (২৭)। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে বড় ভাই আমির হোসেনকে জানানো হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গিয়ে আমির হোসেন জুয়েলকে একটি থাপ্পড় দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুয়েল কিছুক্ষণ পর একটি কাঠের টুকরা নিয়ে ফিরে এসে পেছন থেকে আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন। তবে, সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

বিএম মাসুম শরিয়তপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৯:১৮ অপরাহ্ণ