শরিয়তপুরে সখিপুর ২ বছরে ২০ হাজার বৃক্ষরোপেনর ঘোষনা চরভাগা উন্নয়ন ফোরামে
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ হাজার গাছ লাগানোর ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন ‘চরভাগা উন্নয়ন ফোরাম’। এ উপলক্ষে বুধবার সকালে সখিপুরের চরভাগা নতুন বাজারে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
শরীয়তপুরের সখিপুর থানাধীন চরভাগা নতুন বাজারে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। উদ্বোধনী দিনে ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এক হাজার ওষুধি গাছ রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে থানা, উপজেলা ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগামী দুই বছরে মোট ২০ হাজার ওষুধি, ফলজ ও ফুলের গাছ রোপণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের এ সামাজিক সংগঠন দীর্ঘমেয়াদি এ উদ্যোগ হাতে নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, তরুণদের এমন উদ্যোগ দেশের মানুষের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি ভবিষ্যতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, চরভাগা উন্নয়ন ফোরামের সভাপতি ওবায়দুল্লাহ মামুনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন একঝাঁক প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা, যারা দেশের পরিবেশ সংরক্ষণে নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগে সহায়তা করে যাচ্ছেন।
সবুজ ও পরিবেশবান্ধব শরীয়তপুর গড়ার প্রত্যয়ে শুরু হওয়া এই উদ্যোগ আগামী দিনে জেলার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বি এম মাসুম শরিয়তপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৯:৫৬ অপরাহ্ণ