অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা
দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনায় জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল রামু উপজেলার ব্যস্ততম এলাকা চৌমুহনী। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ হয়ে পড়েন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত হস্তক্ষেপ করেন। তাঁর নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিচ্ছন্নতা কর্মীরা অভিযান চালিয়ে চৌমুহনী এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে।
এ সময় স্থানীয়রা ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকির দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হওয়ায় এখন পরিবেশ অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান।
সচেতন মহলের মতে, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রামু গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আব্দুল্লাহ আল নোমান ( রামু )
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ৮:৩৯ অপরাহ্ণ