টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকারের স্বল্পসুদে দেওয়া ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন বোর্ডের ১০০ জন উপকারভোগীর মধ্যে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি চারজন উদ্যোক্তার মাঝে ৯ লাখ ৬৯ হাজার টাকা এবং বিআরডিবির দুটি সমিতির ২০ জন সদস্যের মধ্যে মোট ১০ লাখ ৫৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১০:৪২ অপরাহ্ণ