নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি বাড়ির সিঁড়ি থেকে নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অজ্ঞাত পরিচয়ের কেউ বাড়িটির দোতলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে দেখতে ভিড় জমান, এবং অনেকে তাকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সেখানে সাময়িক হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, নবজাতকটি সুস্থ আছে। তার পরিচয় শনাক্তকরণ, চিকিৎসা ও দত্তক সংক্রান্ত সিদ্ধান্তের জন্য বুধবার (১৫ জুলাই) সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা হবে। শিশুটির পরিচয় শনাক্ত না হলে প্রচলিত আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে যোগ্য দম্পতির কাছে তাকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, শিশুটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এবিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, শিশুটির পরিচয় শনাক্ত না হলে আইন অনুযায়ী দত্তক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

খ,ম,জায়েদ হোসেন (নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া)
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৬:১৭ পূর্বাহ্ণ