নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অর্জিত হয়েছে শতভাগ সাফল্য।
আজ সোমবার ১০ আগস্ট ২০২৬ সালের এস এস সি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে অভাবনীয় সাফল্যের চূড়ায় নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা।
প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তাদের সবাই কৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাসের হার শতভাগ। এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ৩ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫।
এই অসাধারণ ফলাফলে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দের আমেজ। সম্প্রতি উপজেলার একাধিক বিদ্যালয়ে ব্যাপক হারে ফেলের খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এই শতভাগ পাসের সাফল্য এলাকায় বাড়তি গুরুত্ব বহন করছে এবং প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে প্রশংসার কেন্দ্রবিন্দু।
স্থানীয়দের মতে, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই মাদ্রাসাটি এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। অনেকেই মনে করছেন, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
মাদ্রাসা কর্তৃপক্ষ এই সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

খ ম জায়েদ হোসেন নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১১:৩৩ অপরাহ্ণ