চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা জনস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ ​মো: মোস্তাকিম আল-হাসনাত, দিনাজপুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ১০:২১ অপরাহ্ণ


​তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন এবং এ বিষয়ে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে ‘বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ও ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফাতেহা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা। এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের পুষ্টি কর্মসূচির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা এতে অংশ নেন।
​সভায় স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে সমন্বিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, ভবিষ্যৎ কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একটি সুস্থ ও পুষ্টিকর সমাজ গড়ে তুলতে একক কোনো প্রতিষ্ঠান নয়; বরং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হবে।
​সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সবল ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন