দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত
মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর
দিনাজপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) বিকেলে ৫ নম্বর শশরা ইউনিয়নের জালিয়াপাড়া মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত (ইমন) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক রিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পেছনে থাকা সোহাগকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৯:৫৫ অপরাহ্ণ