সাফল্যের শিখরে উত্তরবঙ্গের সেরা প্রতিষ্ঠান,এসএসসি ২০২৬-এর সেরা ফলাফলে দিনাজপুর জেলা প্রশাসনের বিশেষ অভিনন্দন
মো: মোস্তাকিম আল-হাসনাত(দিনাজপুর)
এসএসসি-২০২৬ পরীক্ষায় অসাধারণ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন।এ উপলক্ষে আয়োজিত সাক্ষাতে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম উপস্থিত থেকে প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যে ভূয়সী প্রশংসা ও শুভকামনা ব্যক্ত করেন।
জেলা প্রশাসনের এই উষ্ণ অভ্যর্থনায় বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অ্যাডভাইজার, সচিব, প্রতিষ্ঠানের ডিন অব একাডেমি ও অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, এইসি (অবঃ), ভাইস প্রিন্সিপাল বিনয় কুমার দাস, স্কুল ও কলেজ কো-অর্ডিনেটরসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসকসহ উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
জেলা প্রশাসক মহোদয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামগ্রিক শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, উত্তরাঞ্চলের আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে এবং জাতীয় পর্যায়ে আরও সুনাম বয়ে আনবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:২৩ অপরাহ্ণ