হুইলচেয়ার ভাঙা, জীবন স্থবির: চিরিরবন্দরে সহায়তার আকুতি প্রমথ রায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৩৩ অপরাহ্ণ

হুইলচেয়ার ভাঙা, জীবন স্থবির: চিরিরবন্দরে সহায়তার আকুতি প্রমথ রায়

​মো: মোস্তাকিম আল- হাসনাত (দিনাজপুর) 

​একসময় নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরেছিলেন, স্বজনদের মুখে হাসি ফোটাতে দিন-রাত পরিশ্রম করেছেন। কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রমথ রায় আজ অন্যের সাহায্য ছাড়া এক পা-ও চলতে পারেন না। দীর্ঘ পাঁচ মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ঘরের কোণে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি।

​চলাফেরার একমাত্র অবলম্বন একটি পুরোনো হুইলচেয়ার, যা দীর্ঘদিন ব্যবহারে এখন ভেঙে পড়ার উপক্রম। কখনো সেটিতে ভর দিয়ে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করেন, আবার কখনো নষ্ট হুইলচেয়ারটার দিকে তাকিয়েই কাটে তাঁর দিন।

​পরিবারের চরম আর্থিক অনটনে যেখানে চিকিৎসা ও সংসারের নিত্যদিনের খরচ চালানোই অসম্ভব, সেখানে একটি নতুন হুইলচেয়ার কেনা তাঁদের জন্য স্বপ্নাতীত। প্রমথ রায়ের স্ত্রী বলেন, “আমার স্বামী আগে কত কাজ করতেন, নিজের পায়ে চলতেন। এখন তাকে সরাতেও কষ্ট হয়। হুইলচেয়ারটাও নষ্ট। একটা ভালো হুইলচেয়ার পেলে অন্তত তাকে একটু স্বস্তি দিতে পারতাম।”

​হাঁটতে না পারার চেয়েও প্রমথ রায়ের বড় কষ্ট—নিজের প্রতিটা প্রয়োজনে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। একটি নতুন হুইলচেয়ার হয়তো সামান্য এক সহায়তা, কিন্তু তাঁর জন্য তা চার দেয়ালের বাইরে যাওয়া, চিকিৎসকের কাছে পৌঁছানো এবং কিছুটা হলেও আত্মমর্যাদা নিয়ে বাঁচার সুযোগ।

​সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও সহৃদয় ব্যক্তিদের প্রতি পরিবারটির আকুল আবেদন—একটি হুইলচেয়ার বা সাময়িক সহায়তা দিয়ে অসহায় এই মানুষটির পাশে দাঁড়ান।

  • ​সহায়তা দিতে যোগাযোগ করুন: ০১৭৭৪০২৬২২৭
প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন