চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মো: মোস্তাকিম আল-হাসনাত(দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
চিরিরবন্দর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন এবং চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগম।
অনুষ্ঠানে অতিথিরা ২০২৫ সালের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি বিজ্ঞান মেলায় অংশ নেওয়া খুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টের স্টল ঘুরে দেখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ জামান বলেন, “প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত এরকম বিজ্ঞান মেলায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিজ্ঞান মেলার সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।” সেইসঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি নিয়মিত বিজ্ঞান চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সহকারী শিক্ষা অফিসার মোঃ মনজুরুল ইসলাম বলেন, “ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেক পুরোনো এবং এর ফলাফলের ঐতিহ্য রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগমের সাথে পরামর্শ করে আমরা ছুটির দিনে সহকারী শিক্ষকদের নিয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছিলাম, যার ফলশ্রুতিতে ২০২৫ সালে ৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।”
সন্তানদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পারদর্শিতার প্রতি নজর রাখতে হবে এবং নিয়মিত শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে।”
দিনব্যাপী আয়োজিত এই সংবর্ধনা ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের পাঠোন্নয়ন, নিয়মিত উপস্থিতি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪২ অপরাহ্ণ