ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকার এগিয়ে যাবে, চিরিরবন্দরে মতবিনিময় সভায় হুইপ আখতারুজ্জামান মিয়া
মো: মোস্তাকিম আল-হাসনাত (দিনাজপুর):
সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং বর্তমান মেয়াদের মধ্যেই সকল নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে আব্দুলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, “সরকারের মাত্র ৮ মাসের কার্যকালে অনেক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণসহ বাস্তবায়ন শুরু হয়েছে। তবে সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি চক্রের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রকে দৃঢ়ভাবে মোকাবেলা করেই সরকার দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।”
আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপি নেতা সহকারী অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম, কবির সরকার এবং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:০২ অপরাহ্ণ