হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু-শোকে স্তব্ধ গ্রাম
হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু-শোকে স্তব্ধ গ্রাম
হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু-শোকে স্তব্ধ গ্রাম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে মিরা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মিরা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (মিজান ড্রাইভার)-এর একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একমাত্র মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরা জানান, মিরা ছিল অত্যন্ত ভদ্র, মিশুক ও মেধাবী একজন শিক্ষার্থী। তার অকাল প্রয়াণে সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীরা বলেন, এমন একটি প্রাণবন্ত শিশুর হঠাৎ চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। মিরার মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
