কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনজুড়ে আজ যেন এক টুকরো আগামীর বাংলাদেশ। কেউ তৈরি করেছে পরিবেশবান্ধব ‘স্মার্ট সিটি’, কেউ দেখাচ্ছে রোবটের চমৎকার কারিশমা, আবার কারও স্টার্ট-আপ প্রজেক্টে উঠে এসেছে আধুনিক কৃষির দারুণ সব সমাধান। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ শুক্রবার সকাল ১০টায় কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এসইডিপি’ (SEDP)-এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলা বসেছে।
আমান উল্লাহ আমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। শিক্ষার্থীদের তৈরি চমৎকার সব প্রজেক্ট ঘুরে দেখে এবং তরুণ বিজ্ঞানীদের সাথে কথা বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের মাঝে মেধা ও উদ্ভাবনী শক্তির কোনো কমতি নেই। সঠিক সুযোগ আর একটুখানি পরিবেশ পেলে আমাদের এই তরুণরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি-নির্ভর হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই বদ্ধপরিকর।” পাশাপাশি, শিক্ষার্থীদের এই উদ্ভাবনী আইডিয়াগুলোকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে ‘স্টার্ট-আপ’ বা ব্যাবসায়িক উদ্যোগে রূপান্তরের ওপর বিশেষ তাগিদ দেন তিনি।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের চোখধাঁধানো সব উদ্ভাবন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশ নিয়েছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে তাদের নিজেদের হাতে তৈরি রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি, আইটি প্রজেক্ট এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটির মডেল। খুদে বিজ্ঞানীদের এই অবিশ্বাস্য সৃজনশীলতা দেখতে মেলা প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষক, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অতিথিবৃন্দ ও আলোচকেরা তরুণদের এই মেধাভিত্তিক চর্চাকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী।