অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি জোরালো হচ্ছে পাবিপ্রবিতে
অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি জোরালো হচ্ছে পাবিপ্রবিতে
অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ বিষয়ে আলোচনা বাড়ছে। সংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠার প্রায় ১৮ বছর পার হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো শিক্ষক উপাচার্য, উপ-উপাচার্য কিংবা ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাননি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ এসব পদে বিভিন্ন সময় বহিরাগত ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে পাবিপ্রবি একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত দিক থেকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ায় অভ্যন্তরীণ নেতৃত্বের দাবি আরও জোরদার হয়েছে।
শিক্ষার্থীদের একাংশ মনে করেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক প্রশাসনিক দায়িত্বে এলে ক্যাম্পাসের বাস্তব সমস্যা, শিক্ষার্থীদের চাহিদা, গবেষণার পরিবেশ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকর হবে। একজন শিক্ষার্থী প্রতিনিধি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরের বাস্তবতা যিনি দীর্ঘদিন ধরে দেখেছেন, তিনি নেতৃত্বে এলে সিদ্ধান্ত গ্রহণ সহজ ও ফলপ্রসূ হবে।”
শিক্ষকদের একটি অংশের মতে, পাবিপ্রবিতে বর্তমানে এমন অনেক অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক রয়েছেন, যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম। তাদের মতে, অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের স্বকীয়তা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক প্রশাসন আরও শক্তিশালী হবে।
কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও একই প্রত্যাশা দেখা গেছে। তাদের ভাষ্য, নিজস্ব ক্যাম্পাসের নেতৃত্ব প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমন্বয় বাড়াতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবার যেন পাবিপ্রবির নিজস্ব শিক্ষক সমাজ থেকে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
