আদালতের নির্দেশ অমান্য করে দখল! মানিকগঞ্জে চাচা–ভাতিজা বিরোধ চরমে
আদালতের নির্দেশ অমান্য করে দখল! মানিকগঞ্জে চাচা–ভাতিজা বিরোধ চরমে
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে পৈতৃক ভিটা দখলকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মধ্যে গুরুতর বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃদ্ধ চাচাকে লাঞ্ছিত করা এবং জোরপূর্বক বসতভিটা দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ভাতিজার বিরুদ্ধে।
ভুক্তভোগী মোঃ মোসলেম উদ্দিন (৬৬), স্থানীয় ১নং ওয়ার্ডের সদস্য। তিনি জানান, তার পিতা মৃত বাইনদিন ওরফে বানুর দলিলভুক্ত পৈতৃক সম্পত্তি ভাইদের মধ্যে আইনানুগভাবে বণ্টন করা হয় এবং দীর্ঘদিন ধরে প্রত্যেকে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছেন। তিনি নিজ অংশে পাকা ঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন।
মোসলেম উদ্দিনের অভিযোগ, তার ভাতিজা মোঃ শরিফুল ইসলাম (বাবুল) সম্প্রতি ওই জমির ওপর দখলের চেষ্টা শুরু করেন। একাধিকবার তাকে বাড়ি ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়। এতে রাজি না হলে ভাড়াটে লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্ত ভাতিজা তার বসতঘরের সামনের অংশ ও পারিবারিক কবরস্থানের জায়গা জোরপূর্বক দখল করে নেয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলম মুকুলসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত পক্ষ দীর্ঘদিন ধরে কথিত অবৈধ কাগজপত্র দেখিয়ে জমিটি নিজেদের নামে রেকর্ড হয়েছে বলে দাবি করছে। এ নিয়ে মানিকগঞ্জ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে জমি দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মোসলেম উদ্দিন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন বিষয়টি জানলেও প্রভাবশালী মহলের কারণে তিনি ন্যায়বিচার পাচ্ছেন না। একাধিকবার তার ওপর হামলার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করে তিনি নিরাপত্তাহীনতার কথা জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্তের বক্তব্য
অভিযুক্ত মোঃ শরিফুল ইসলাম (বাবুল) অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি আমার দলিলভুক্ত জমি। আইন অনুযায়ী যেভাবে বুঝিয়ে দেওয়া হবে, সেভাবেই আমি গ্রহণ করব। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।” তিনি জানান, বিষয়টি আদালতে বিচারাধীন।
প্রশাসনের বক্তব্য
সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
