ঘুষ ছাড়া মিলছিল না সেবা,দিনাজপুরের ভূমি অফিসের তহশিলদারসহ ৩জন গ্রেফতার
ঘুষ ছাড়া মিলছিল না সেবা, দিনাজপুরে ভূমি অফিসের তহশিলদারসহ ৩ জন গ্রেফতার!
মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর
ভূমি উন্নয়ন কর আদায়ের নামে ঘুষ নেওয়ার অভিযোগে দিনাজপুরের সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, অফিস সহকারী এবং এক কথিত দালালকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
আটকরা হলেন—শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মাহমুদ হাসান (৪৬), অফিস সহকারী শাহজাহান আলী (৫০) এবং কথিত দালাল আব্দুর রহিম (৪৮)।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানান, সদর উপজেলার পাঁচকড় গ্রামের শরিফ উদ্দিনের ৮০ শতক জমির ভূমি উন্নয়ন কর বাবদ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধের জন্য একটি নোটিশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে কর পরিশোধ না করলে জমি নিলামে সরকারি খাস দখলে নেওয়ার হুমকি দেওয়া হয় ওই নোটিশে।
নোটিশ পেয়ে শরিফ উদ্দিনের মেয়ে সুরাইয়া আক্তার কর পরিশোধ করতে ভূমি অফিসে যান। অভিযোগ উঠেছে, তহশিলদার মাহমুদ হাসান তার কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করেন এবং বাকি ১২ হাজার ৭২০ টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। তবে সুরাইয়াকে দেওয়া রশিদে ভূমি উন্নয়ন কর বাবদ মাত্র ৭৩৮ টাকা উল্লেখ দেখলে তার সন্দেহ হয়।
তিনি জালিয়াতি ও ঘুষের প্রতিবাদ জানিয়ে চিৎকার শুরু করলে অফিসে উপস্থিত সেবাগ্রহীতা ও স্থানীয়রা ছুটে আসেন। জালিয়াতির বিষয়টি স্পষ্ট হলে সেখানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনতা ওই তিনজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মোসাদ্দেক হোসেন বলেন, “১৯ হাজার ৭২০ টাকার নোটিশ দিয়ে ৭ হাজার টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ৭৩৮ টাকার। জালিয়াতির সত্যতা পেয়েই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে।”
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ও পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগ ও ৯৯৯-এর বার্তার ভিত্তিতে পুলিশ তিনজনকে হেফাজতে নিয়েছে। বর্তমানে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


অনলাইন ডেস্ক
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত